1 hours ago

সেন্টমার্টিনে মিয়ানমারগামী দুই ট্রলারসহ ১৯ চোরাকারবারি আটক

jagonews24.com

Friday, February 20, 2026

1 min read
সেন্টমার্টিনে মিয়ানমারগামী দুই ট্রলারসহ ১৯ চোরাকারবারি আটক
Share:

মিয়ানমারে সিমেন্টসহ নিত্যপণ্য পাচারের সময় সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে দুটি ট্রলারসহ ১৯ জনকে আটক করেছে নৌবাহিনী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নৌবাহিনী জানায়, সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মালামাল পাচারের গোপন খবরের ভিত...

মিয়ানমারে সিমেন্টসহ নিত্যপণ্য পাচারের সময় সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে দুটি ট্রলারসহ ১৯ জনকে আটক করেছে নৌবাহিনী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নৌবাহিনী জানায়, সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মালামাল পাচারের গোপন খবরের ভিত্তিতে সেন্টমার্টিন এলাকায় টহল জোরদার করা হয়। অভিযান চলাকালীন নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন বাতিঘর থেকে প্রায় ৩৮ মাইল দূরে একটি সন্দেহজনক বোট শনাক্ত করে। বোটটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ‘এফবি সীমান্ত’ নামের ট্রলারটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে ৪৫০ বস্তা সিমেন্ট, ২৫০ কেজি ডাল ও চানা, ১৬০ কেজি আদা এবং ৩৬০ বোতল এনার্জি ড্রিংক উদ্ধার করা হয়।

একই এলাকায় পৃথক অভিযানে ‘এফবি সুরভি’ নামের আরও একটি ফিশিং বোট থেকে ৭০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। দুই ট্রলার থেকে পাচারকারী চক্রের ১৯ সদস্যকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অধিক মুনাফার আশায় তারা সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে জব্দ মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে নৌবাহিনীর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

জাহাঙ্গীর আলম/কেএইচকে/এএসএম

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com