1 hours ago

সবাইকে সম্পৃক্ত করে হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই: মীর হেলাল

jagonews24.com

Friday, February 6, 2026

2 min read
সবাইকে সম্পৃক্ত করে হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই: মীর হেলাল
Share:

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সব শ্রেণিপেশার মানুষকে সম্পৃক্ত করে হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই। নির্বাচিত হলে দীর্ঘদিনের বঞ্চনা দূর করারও অঙ্গীকার করেন তিনি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী হা...

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সব শ্রেণিপেশার মানুষকে সম্পৃক্ত করে হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই। নির্বাচিত হলে দীর্ঘদিনের বঞ্চনা দূর করারও অঙ্গীকার করেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী হাটহাজারী উপজেলার ৯ নম্বর গোড়দুয়ারা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, হাটহাজারীর মাটি ও মানুষকে আমি অত্যন্ত ভালোবাসি। জীবনের শেষ দিন পর্যন্ত এলাকার সব স্তরের মানুষের সেবা করতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হলে গত ১৭ বছরের সব অপ্রাপ্তি ও বঞ্চনার কষ্ট পুষিয়ে দিতে চাই।

তিনি ভোটারদের উদ্দেশে অপপ্রচার ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষকে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, হাটহাজারীকে একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। ধানের শীষ বিজয়ী হলে এলাকাকে সবার জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলা হবে।

সকালে গোড়দুয়ারা ইউনিয়নের রশিয়া পুকুর এলাকা থেকে তার গণসংযোগ শুরু হয়। পরে নয়াহাট, জোড়পুকুর পাড়, তুলাতল ও লোহারপুল বাজারসহ বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন। বিকেলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালান এবং বাজারে ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় তিনি সনাতন পল্লীতে এক মতবিনিময় সভায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির হাটহাজারী গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। গোড়দুয়ারা ইউনিয়নের কয়েকটি নির্বাচনি কার্যালয়ের উদ্বোধনও করেন।

গণসংযোগ ও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমাজসেবক, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এমকেআর

Read the full article

Continue reading on jagonews24.com

Read Original

More from jagonews24.com